চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম কঠোরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

  • ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা: এই দুই মহানগরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজস্ব উদ্যোগে ট্যাগ অফিসার নিয়োগ করবে।
  • জেলা ও উপজেলা পর্যায়: জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) তাঁদের অধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

নিযুক্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তাঁরা প্রতিদিনের তেলের মজুত, বিক্রি এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৈনিক প্রতিবেদন জমা দেবেন। এর মাধ্যমে তেলের কৃত্রিম সংকট রোধ এবং সঠিক বিপণন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *