আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও শিক্ষাবিদ ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)-কে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. শাকিরুল ইসলাম খান অন্য সব পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি নীতি-নির্ধারণী কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের তদারকি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বিশেষ দায়িত্ব পালন করবেন।

ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে যুক্ত রয়েছেন। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় তিনি ডেঙ্গু, কোভিড-১৯, বার্ড ফ্লু এবং নিপাহ ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। আন্তর্জাতিক পিআর রিভিউ জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

২০০৯ সালে জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে ‘গ্রেড এ+’ সহ পিএইচডি অর্জন করেন তিনি। এর আগে ২০০৬ সালে জাইকা স্কলার হিসেবে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তার এই নিয়োগ দেশের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান ও নীতি-নির্ধারণী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *