পটুয়াখালীর বাউফল উপজেলায় নবনির্মিত একটি টয়লেটের ব্যয়সংক্রান্ত নামফলককে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। টয়লেটের নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই টয়লেটটি নির্মাণ করে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়। কাজ শেষে দেওয়ালে লাগানো নামফলকে নির্মাণ ব্যয় উল্লেখ করা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। এই ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনরা সরকারি টাকা লুটপাটের অভিযোগ তুলে নানা নেতিবাচক মন্তব্য করতে থাকেন।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, “কত টাকায় টয়লেটটি হয়েছে তা আমরা জানি না। তবে নামফলকে দুই কোটি টাকা দেখে আমরাও অবাক হয়েছি।” স্থানীয় বাসিন্দারা এই অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, প্রকল্পটি মূলত একটি করণিক ভুল বা প্রিন্টিং মিস্টেক। তিনি বলেন, “প্রকৃত প্রকল্প ব্যয় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। কিন্তু নামফলক প্রিন্টিংয়ের সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হয়ে যায়।” বিষয়টি নজরে আসার পর দ্রুততম সময়ে নামফলকটি সংশোধন করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ মন্তব্য করেন, একটি সামান্য ভুলের কারণে বিষয়টিকে বড় আকার দিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *