বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধ সংযোগ নিতে বাধা দেওয়ায় মো. রফিক হাওলাদার (৪০) নামে এক বিএনপি নেতা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তারা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভাণ্ডারীকাঠি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রফিক হাওলাদার গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার বিএনপি নেতা রফিক হাওলাদারের ঘরের বিদ্যুৎ মিটার থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করেন। রফিক এতে বাধা দিলে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নয়ন ও উজ্জল হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে রফিককে রক্তাক্ত জখম করেন। তাকে বাঁচাতে স্ত্রী সালমা বেগম (৩০) এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হামলাকারী নয়ন হাওলাদার ভাণ্ডারীকাঠি গ্রামের নজরুল হাওলাদারের ছেলে এবং উজ্জ্বল হাওলাদার একই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। তারা এলাকায় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

আহত বিএনপি নেতা রফিক জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়ায় তাদের ওপর এই পৈশাচিক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *