বিএনপির ভূমিধস বিজয় ঠেকাতে একটি দল অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল
News AbongTv, BNP, Computing, News, Politics
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য ভূমিধস বিজয় ঠেকাতে একটি রাজনৈতিক দল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “যারা এ অপপ্রচার করছে, তাদের রাজনীতির নমুনা আমরা ১৯৭১ সালেই দেখেছি।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “যাদের তিনটি ভোটও নেই, তারাই নির্বাচন প্রতিহত করার হুমকি দিচ্ছে। আমরা বিশ্বাস করি, এবারের নির্বাচনেই প্রমাণ হবে—দেশ গণতান্ত্রিক ধারায় যাবে, নাকি উগ্রবাদীদের হাতে তুলে দেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। “ধর্মের নামে মুনাফেকি করে ভোট চাইছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—এমন কথা বলে মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে,” বলেন তিনি।
১৯৭১ সালের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “যারা তখন মানুষ হত্যা করেছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে—সেই ইতিহাস আমরা ভুলিনি। তবুও রাজনীতি করতে চাইলে সোজা পথে করতে হবে।”
সংস্কার ইস্যুতে গঠিত ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল। তার দাবি, “ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বিএনপির সঙ্গে বেইমানি করেছে। আমরা যা চাইনি, তাও সংস্কারের তালিকায় যুক্ত করা হয়েছে। এরপরও বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি।”
বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে চিহ্নিত করার অপপ্রচার নাকচ করে তিনি বলেন, “২০২২ সালে সংস্কার প্রস্তাব প্রথম বিএনপিই দিয়েছে। সব দলের সঙ্গে আলোচনা করে আমাদের নেতা ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলেন। সংস্কার বিএনপির সন্তান।”
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
