ভারতে হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি নাগরিকসহ ৮ জন গ্রেপ্তার
Featured, Latest, News, Politics, Popular, Trendingপাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
ভারতের তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে এই আটজনকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে ছয়জনকে তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক গার্মেন্টস থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গ থেকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল।
ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, অভিযুক্তরা পরিচয় গোপন করতে ভারতের জাল আধার কার্ড ব্যবহার করছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ু পুলিশ এদের গ্রেপ্তার করার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’ দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা এবং চাঁদনী চকের একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বিস্ফোরণের পরিকল্পনা করছিল। অভিযুক্তরা উন্নত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলার ছক কষছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এমন আশঙ্কাজনক গোয়েন্দা তথ্যের মাত্র একদিন পরেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো।
ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং বাংলাদেশ বা পাকিস্তানের নেটওয়ার্ক কীভাবে কাজ করছিল তা খতিয়ে দেখছে। বর্তমানে এ নিয়ে বড় ধরনের তদন্ত শুরু হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।
