কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দিনব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে সার্কেল ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রথমে সকাল প্রায় ১০টায় সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সরু সেতুতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় ধানের ভূষির বস্তার ভেতর থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকারী অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) মূলে আদালতে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে মাদকের প্রকৃত মালিক শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

একই দিন দুপুর ১২টার দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫), পিতা- মৃত ছফর আলীর বসতবাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে ফজর আলী শুক্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীর তীর থেকে আরও দুটি মালিকানাবিহীন গাঁজাগাছ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদককারবারিরা যে স্থানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *