জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়টি মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জনের বিরুদ্ধে রায় দেবেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। এটি আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় রায়।
মামলার ১৬ আসামির মধ্যে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীসহ আটজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অপরদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।
প্রসিকিউশন পক্ষ দাবি করেছে, অভিযোগ প্রমাণে তারা অকাট্য তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানিয়েছেন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
