যুক্তরাষ্ট্রের পাইলট উদ্ধার অভিযান চলাকালীন আমেরিকার বেশ কয়েকটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে সফলভাবে ধ্বংস করেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভূপাতিত বিমানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি সি-১৩০ (C-130) পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে।
ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ইসফাহানে অনুপ্রবেশকারী আক্রমণকারী বিমানগুলোকে আঘাত করে ধ্বংস করা হয়েছে। ইরান এই ঘটনাকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ এবং একটি বড় সামরিক বিজয় হিসেবে চিত্রায়িত করছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তীব্র হচ্ছে।
