মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ – ৭ মে ২০২৬ তারিখ মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (MITEC) – এ ইলেকট্রনিক্স উৎপাদন ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত “SEMICON SEA 2026” মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি। উদ্বোধনী অনুষ্ঠানে, SEMI-এর প্রেসিডেন্ট ও সিইও জনাব অজিত মানোচা এবং SEMI সাউথইস্ট এশিয়া-এর প্রেসিডেন্ট মিসেস লিন্ডা তান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

“Transform Tomorrow” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, পোল্যান্ড এর পাশাপাশি বাংলাদেশ হতে ৭০০ এর অধিক কোম্পানি অংশ নিচ্ছে। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতের নীতিনির্ধারক, উৎপাদক, সরবরাহকারী, গবেষক, বিনিয়োগকারী ও উদীয়মান প্রযুক্তি প্রতিভাদের একত্রিত করেছে এই আয়োজন।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর আর্থিক সহযোগিতায় , বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) ও দেশের তিনটি শীর্ষস্থানীয় চিপ ডিজাইন প্রতিষ্ঠান—Neural Semiconductor Limited, PrimeSilicon Technology (BD) Ltd. এবং Siliconova Limited আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে তাদের প্রযুক্তি ও সেবা প্রদর্শন করেছে। এ মেলায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) এর প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

প্রদর্শনীর ২য় দিন ৬ মে ২০২৬ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথ সহ অন্যান্য বুথ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন । দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এই অগ্রণী উদ্যোগ গ্রহণের জন্য বিএসআইএ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত বিকাশ লাভ করছে এবং এই ধরনের প্ল্যাটফর্ম দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর খাতের সক্ষমতা তুলে ধরার একটি সুযোগ যার মাধ্যমে আমাদের জন্য নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।”
মালয়েশিয়াস্থ বিভিন্ন বাংলাদেশি টিভি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এম. এ. জব্বার বলেন “ বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অংশিদারিত্ব বাড়াতে “SEMICON SEA 2026” এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ । এই প্লাটফর্মের মাধ্যমে আমরা এই হাইটেক শিল্পে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণে আকৃষ্ট করতে চেষ্টা করছি “। মেলায় অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতার মাধ্যমে এই শিল্পের প্রসারের সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বুথে আগ্রহী দর্শনার্থী ও বিনিয়োগকারীদের চিপ ডিজাইন, ভেরিফিকেশন, গবেষণা ও উন্নয়ন (R&D) এবং OSAT (Outsourced Semiconductor Assembly and Test) সেবায় সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হচ্ছে । এছাড়া সেমিকন্ডাক্টর খাতে দেশের ব্র্যান্ডিং উন্নত করা, বাংলাদেশি কোম্পানির দক্ষতা তুলে ধরা, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, কৌশলগত ব্যবসায়িক সংযোগ তৈরি ও যৌথভাবে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়ানোর সুযোগ তৈরীর লক্ষ্যে BSIA প্রতিনিধিদল পৃথকভাবে মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এসোসসিয়েশন (MSIA), মালয়েশিয়া ডিজিটাল ইকোনোমি করপোরেশন (MDEC), মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি Cadence, SilTerraসহ মালয়েশিয়ার বিভিন্ন্ সেমিকন্ডাক্টর কোম্পানির সাথে সভা করেছেন।

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান তৈরী পোশাক, কৃষিপণ্য ও জ্বালানিভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য হতে সেমিকন্ডাকটরের মতো হাই-টেক খাতে প্রবেশের ক্ষেত্রে SEMICON SEA 2026 এ বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বাংলাদেশের বুথে আগত দর্শনার্থীদের সাথে ব্যবসায়িক নেটওয়ার্কিং, আউটসোর্সিং, যৌথ গবেষণা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে যার মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায় যা বৈশ্বিক ১ ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অংশিদারিত্ব নিশ্চিত করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *