মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ববিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বেশনাল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম মোল্লা ওই এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশনাল এলাকার মন্টু মিয়ার ছেলে লিটনের সঙ্গে মোয়াজ্জেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে লিটন ও তার সহযোগীরা মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘাতকরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা মোয়াজ্জেমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
