যুক্তরাষ্ট্রে অভিবাসন পুলিশের হাতে আটক দুই বছর বয়সী শিশু
Newsযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক দুই বছরের এক শিশুকে আটক করার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরিবারের আইনজীবীর বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটিকে শেষ পর্যন্ত তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে। এলভিস টিপান-এচেভেরিয়া তার দুই বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় আইসিই সদস্যরা তাদের আটক করে। পরিবারের আইনজীবীদের অভিযোগ, ওই সময় আইসিই সদস্যদের কাছে কোনো বৈধ গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।
এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেদিনই শিশুটির বাবাসহ তাকে টেক্সাসে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। যদিও ব্যাপক সমালোচনার মুখে শিশুটিকে পরে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়, তবে বাবা এলভিস টিপান-এচেভেরিয়া এখনো আইসিই হেফাজতেই রয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন পরিবারের আইনজীবী কিরা কেলি।
আদালতের নথি অনুযায়ী, বাবা ও মেয়ে দুজনই ইকুয়েডরের নাগরিক। শিশুটি নবজাতক অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর থেকেই মিনিয়াপলিসে বসবাস করছে এবং তার একটি আশ্রয় আবেদন বর্তমানে বিচারাধীন রয়েছে।
এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের কড়া ইমিগ্রেশন অভিযান নিয়ে জনঅসন্তোষ বাড়ছে। চলতি সপ্তাহেই শহরটিতে নিজ বাড়ির ড্রাইভওয়ে থেকে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোসকে ফেডারেল এজেন্টরা আটক করে। তাকেও পরে বাবার সঙ্গে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠানো হয়, যেখানে তারা এখনো আটক রয়েছেন।
