চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের বাড়িতে ঢুকে অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর উপজেলার সরফভাটা ইউনিয়নের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটে। হামলায় ওসমানের বৃদ্ধ মা ও বাবাও আহত হয়েছেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজনের একটি সশস্ত্র দল ওসমানের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এসময় তারা ওসমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তদের গুলিতে ওসমানের মায়ের পায়ে গুলি লাগে এবং তার বাবাও কপালে আঘাতপ্রাপ্ত হন।
আশঙ্কাজনক অবস্থায় বিএনপি নেতা মোহাম্মদ ওসমানকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে। তবে তার বাবা ও মায়ের অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ওসি জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
