আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে দলটিতে বড় ধরনের ভাঙন ধরেছে। সদর উপজেলায় প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দল পরিবর্তনের এই ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, নিজড়া মধ্যপাড়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে এই বিশাল কর্মী বহর বিএনপিতে শামিল হয়। অনুষ্ঠানে তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে বিএনপিই প্রধান ভূমিকা পালন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ, জনপ্রিয় ও দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপিতে এলে তাদের সবসময় স্বাগত জানানো হবে।”
বিএনপিতে যোগ দেওয়া দুই নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের প্রতিক্রিয়ায় বলেন, “এলাকার প্রকৃত উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনা এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি।” তারা আগামীদিনে দলের আদর্শ ও সকল কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সদর উপজেলা বিএনপির এই বিশেষ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও ইমরুল মিয়াসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
