রাজধানীর শাহবাগে সংবাদ সংগ্রহকালে তৃতীয় লিঙ্গের কয়েকজন সদস্যের হামলায় ‘সকালের সময়’-এর সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার শাহবাগ জাদুঘরের সামনে তৃতীয় লিঙ্গের একদল সদস্য এবং সমকামীতায় জড়িত ব্যক্তিরা আড্ডা দেন। বিষয়টি নিয়ে জনমনে এক ধরনের অস্বস্তি বিরাজ করছিল। শুক্রবার সাংবাদিক বোরহান উদ্দিন সেই দৃশ্য ভিডিও করতে গেলে সেখানে উপস্থিত ব্যক্তিরা তার ওপর চড়াও হন। তাকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর জখম হন।
আহত সাংবাদিক বোরহান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন স্থানীয় সাংবাদিকরা।
