শুক্রবার থেকে বন্ধ মেহরাবাদ বিমানবন্দর, সোমবার সম্পূর্ণ ‘ফ্লাইটশূন্য’ থাকবে তেহরানের আকাশ
Featured, Latest, News, Politics, Popular, Trending #abongtv, #BangladeshNews, #IranAirspaceClosed, #TehranAirport, KhameneiFuneral2026যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আসন্ন জানাজা, শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন এবং কঠোর ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা৷ এই বিশেষ নিরাপত্তা ও লজিস্টিক পরিকল্পনার অংশ হিসেবে রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর মেহরাবাদসহ একাধিক শহরের আকাশসীমা নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে৷
আজ বুধবার (১ জুলাই) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরুডি এক জরুরি সংবাদ সম্মেলনে এই বিমান চলাচলের নতুন বিধিনিষেধের খতিয়ান ও রানিং সিডিউল প্রকাশ করেন৷
বিমানবন্দর বন্ধ ও ফ্লাইট নিয়ন্ত্রণের সিডিউল: সংস্থার প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন— আগামী শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টা থেকে তেহরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগের প্রধান কেন্দ্র ‘মেহরাবাদ বিমানবন্দর’ সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে৷ মূলত খামেনির শেষকৃত্যে অংশ নিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি ও বিদেশি রাজনৈতিক অতিথিদের বহনকারী ভিআইপি (VIP) বিমানগুলোর নির্বিঘ্ন অবতরণ ও উড্ডয়নের সুবিধার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তবে এই বিশেষ নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি বিশেষ ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত থাকবে না৷ একই সময়ে তেহরানের আন্তর্জাতিক প্রবেশদ্বার ‘ইমাম খোমেনি বিমানবন্দর’ সাধারণ যাত্রীদের জন্য আংশিক খোলা থাকবে৷
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে— আগামী সোমবার (৬ জুলাই) তেহরানে খামেনির মূল জানাজা ও বিশাল গণমিছিলের কারণে রাজধানীর আকাশ সম্পূর্ণভাবে ‘ফ্লাইটশূন্য’ রাখা হবে৷ ওই দিন মেহরাবাদ ও ইমাম খোমেনি— এই দুটি প্রধান বিমানবন্দর থেকেই কোনো ধরণের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হতে দেওয়া হবে না৷ পরবর্তী নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার মেহরাবাদ বিমানবন্দর স্বাভাবিক হলেও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ থাকবে, কারণ ওই দিন সর্বোচ্চ নেতার পবিত্র মরদেহ বিশেষ ফ্লাইটে ইরাকে স্থানান্তরিত করা হবে৷
ইরান ও ইরাক জুড়ে ৭ দিনের ঐতিহাসিক শেষকৃত্য: উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি৷ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ বিলম্বের পর আগামী ৪ থেকে ৯ই জুলাইয়ের মধ্যে ইরান ও ইরাকের বেশ কয়েকটি ঐতিহাসিক ও ধর্মীয় নগরীতে খামেনি এবং তাঁর হামলায় নিহত পরিবারের সদস্যদের শেষকৃত্যের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে চলেছে৷
ঘোষিত কর্মসূচি অনুযায়ী— ৪ ও ৫ই জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় (ইমাম খোমেনি মোসাল্লা) মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হবে৷ এরপর ৬ই জুলাই তেহরানে এবং ৭ই জুলাই পবিত্র কোমে জানাজার মিছিল অনুষ্ঠিত হবে৷ ৮ই জুলাই প্রতিবেশি দেশ ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরের পবিত্র শিয়া মাজারে শেষকৃত্যের বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ই জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে তাঁকে দাফন করা হবে৷ মাশহাদে দাফনের দিনও উত্তর-পূর্বাঞ্চলীয় ওই শহরের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল সংস্থা৷
সূত্র : বিবিসি
