দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ম. ম. সিদ্দিক মিয়া। রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারামুক্তির পর জেলগেটে তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন সিদ্দিক মিয়া। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করলে এলাকাবাসী আন্দোলনে নামে। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন ১৪ সেপ্টেম্বর তাকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে ওই দুটি ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনেই ফিরে আসে এবং গত নির্বাচনে বাসিন্দারা এই আসনেই ভোটাধিকার প্রয়োগ করেন।
কারামুক্তির পর চেয়ারম্যান সিদ্দিক মিয়া নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, এমপি শহিদুল ইসলাম বাবুল তার ফেসবুক পোস্টে লিখেন, ‘নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম আন্দোলনের জন্য গ্রেপ্তার হওয়া সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করবো। আলহামদুলিল্লাহ, আজ সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলো’।
