ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনে তোড়জোড় শুরু করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস)। বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করেছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন নেতা নির্বাচনের জন্য একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে দ্রুত সর্বোচ্চ নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী ও কট্টরপন্থি ধর্মীয় নেতারা। গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
ইরানের সংবিধান অনুযায়ী, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিন সদস্যের একটি কাউন্সিল সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছে। এই কাউন্সিলে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, একজন জ্যেষ্ঠ ধর্মযাজক এবং বিচার বিভাগের প্রধান। সংবিধানে তিন মাসের মধ্যে নতুন নেতা নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তেহরান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত। তবে ইরান সরকার ট্রাম্পের এই দাবিকে হাস্যকর আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সার্বভৌম দেশে বিদেশি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
