আগামী ৫ আগস্ট কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত বা শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন সমসাময়িক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চক্রান্তকারী গোষ্ঠী দেশে দীর্ঘদিনের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।
আসন্ন ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যক্রম ও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “তাদের (আওয়ামী লীগের) এখন কোনো ধরনের বড় ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো শক্তি বা সক্ষমতা অবশিষ্ট নেই।”
সম্প্রতি রাজধানী সংলগ্ন আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারসহ বিভিন্ন এলাকার উদ্ধার হওয়া বোমার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে অহেতুক ভীতি ছড়ানোর কারণ নেই। বিশেষ করে আশুলিয়ার ঘটনাটি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে দেশবাসীকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।
