‘৭১-এর মতো ২৪-এও মানুষ দেশকে স্বাধীন করেছে, এখন মূল কাজ পুনর্গঠন: তারেক রহমান

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি এ অঞ্চলের জনগণের প্রাণের দাবি হয়, তবে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় থাকে, জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা পূরণ করে। বরুড়া ও বগুড়ার উন্নয়ন হবে একই রকম ও সমানভাবে।’

দীর্ঘ দুই দশক পর চাঁদপুর ও কুমিল্লা সফরের অংশ হিসেবে আজ সড়কপথে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। পথে বরুড়ার এই সভায় তিনি দেশের গণতান্ত্রিক গৌরবোজ্জ্বল ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। তারেক রহমান বলেন, ‘অনেক আন্দোলন ও ত্যাগের পর দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে দেশের মানুষ যেভাবে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানেও দেশের মানুষ এই দেশকে আবার স্বৈরাচারমুক্ত ও স্বাধীন করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, এখন সরকারের মূল লক্ষ্য হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রযন্ত্র ও দেশের পুনর্গঠন। তবে এই বিশাল কাজ একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। তিনি বলেন, ‘যে জাতি নিজেরা পরিশ্রম করে, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করেন। এ দেশের প্রকৃত মালিক জনগণ। তাই দেশ পুনর্গঠনে দেশের জনগণকেই মালিক হয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’

দলীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ঐতিহাসিক খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে আজ সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং চাঁদপুর সদরের বিশ্ব খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে তাঁর এই গুরুত্বপূর্ণ সফর শেষ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *