চাঁদপুরে খাল পুনঃখনন উদ্বোধন শেষে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা জোরদার এবং দেশের পানির উৎসগুলো সচল করার লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন।

বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খালটির পুনঃখনন কাজ শেষ হলে এলাকার কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা দূর হবে এবং জীববৈচিত্র্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে খালপাড়ে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলাশয় ও খাল-বিল রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলের নদী ও খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। এই উন্নয়ন কার্যক্রমে সাধারণ জনগণকে সম্পৃক্ত হওয়ার এবং খননকৃত খালের রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *