মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, কোচের আস্থা কাতার জয়ীদের ওপরই

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই মিশনে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই মেগা আসরের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

৩৮ বছর বয়সী লিওনেল মেসির জন্য এই বিশ্বকাপটি হতে যাচ্ছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য এক বিশ্বরেকর্ড এবং নিজের গড়া আর্জেন্টিনার রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে গেলেন এই কিংবদন্তি।

কোচ স্কালোনি মূলত কাতার বিশ্বকাপের সফল দলটির ওপরই প্রধান আস্থা রেখেছেন। ২০২২ সালের বিশ্বজয়ী দলের ১৭ জন ফুটবলার জায়গা পেয়েছেন এবারের ২৬ সদস্যের স্কোয়াডে। দলে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মাঝমাঠের চালিকাশক্তি রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং আক্রমণভাগের হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের মতো তারকারা।

তবে এই দলে বড় অনুপস্থিতি অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে, বড় স্বস্তি হয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করলেও এবার স্কালোনির স্কোয়াডে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন তিনি। এর আগে ২০১৮ বিশ্বকাপ দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *