ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক হারের পর পাকিস্তানের পেসারদের গতি ও বোলিংয়ের ধার নিয়ে তীব্র সমালোচনা চলছে ক্রিকেট মহলে। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদিসহ দলের ফ্রন্টলাইন পেসারদের গড় গতি ১৩০ কিলোমিটারের ঘরে নেমে আসায় কপালে ভাঁজ পড়েছিল সমর্থকদের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই গতি বিতর্ককে পাত্তাই দিলেন না পাকিস্তানি অধিনায়ক শাহীন আফ্রিদি। উল্টো এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মজার ছলে বলেছেন, দরকার হলে নাকি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করবেন তিনি।
পাকিস্তানের পেসারদের গতি কমে যাওয়ার পেছনে অতিরিক্ত ওয়ার্কলোড ও ক্লান্তিকেই মূল কারণ হিসেবে দেখছেন শাহীন। ফাস্ট বোলারদের একটি সচল মেশিনের সাথে তুলনা করে পাকিস্তানি অধিনায়ক বলেন, “যখন ফাস্ট বোলিংয়ের কথা আসে, তখন মানুষকে বুঝতে হবে যে একটি মেশিন যখন একটানা চলতে থাকে, তখন সেটিরও একসময় রক্ষণাবেক্ষণ বা মেইনটেইন্যান্সের দরকার পড়ে। আমাদের কিছু পেসার গত কয়েকদিনে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন খেলোয়াড় যখন পুরোপুরি সতেজ এবং বিশ্রামে থাকে, স্বাভাবিকভাবেই সে বেশি তীব্রতা ও গতি নিয়ে বল করতে পারে।”
শাহীন আরও যোগ করেন, “পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবসময় সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। কীভাবে আবার গতি বাড়ানো যায়, তা নিয়ে আমরা সবাই ভাবছি এবং কোচ ও ম্যানেজমেন্টও এটা নিয়ে কাজ করছে।”
এরপরই এক সাংবাদিক যখন শাহীনের ব্যক্তিগত বোলিং গতি নিয়ে প্রশ্ন করেন, তখন হেসেই তা উড়িয়ে দেন এই বাঁহাতি পেসার। রসিকতা করে শাহীন বলেন, “আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কথা জিজ্ঞেস করেন, তবে আপনার জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব।”
