নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বর্জ্য পরিদর্শনে প্রধানমন্ত্রী: ২ কর্মকর্তা বরখাস্ত, আলটিমেটামে আরও ৬ জন

বর্জ্য ব্যবস্থাপনায় চরম গাফিলতি ও দায়িত্বহীনতার দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেলে কোনো পূর্বঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতে বের হন। পরিদর্শনের সময় বর্জ্য অপসারণের সার্বিক চিত্র সন্তোষজনক মনে না হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে এই কড়া নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরের সময় গাড়িতে তার সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মূলত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে বের হয়েছিলেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার রাস্তায় ময়লা জমে থাকতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার দায়িত্বে থাকা দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সফরকালে গাড়িতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *