মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে গভীর শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে ২০২৬) শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতির মাজারে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণেই আয়োজিত এক বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।
এই সময় মাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
