কোরবানির হাটের চমক: ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর পর এবার ‘মোদি মহিষ’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে অদ্ভুত নামের বাহারি পশুর আলোচনা যেন থামছেই না। শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এ ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের দুটি আলোচিত মহিষের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভিন্ন চেহারার এক ‘মোদি মহিষ’। মূলত নামের চেয়েও মহিষটির অস্বাভাবিক লম্বা সাদা দাড়ি এবং ভিন্ন রকমের অবয়ব সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ বা গোলাপি রঙের এই বিশালাকৃতির মহিষটির শরীরজুড়ে রয়েছে হালকা সাদা আভা। আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি সহজেই নজর কাড়ছে খামারে আসা দর্শনার্থীদের। খামার কর্তৃপক্ষ জানায়, শুরুতে এই অ্যালবিনো মহিষটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এর লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাদৃশ্য খুঁজে পান। পরবর্তীতে নেটিজেনদের আগ্রহ ও অনলাইন জরিপের ওপর ভিত্তি করে মজার ছলে এর নাম রাখা হয় ‘মোদি’।

খামারিরা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে ভিন্নধর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের এসব পশু দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ খামারে ভিড় করছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালী চুলের মহিষ এবং ক্ষ্যাপাটে স্বভাবের ‘নেতানিয়াহু’ মহিষ নিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবার সেই তালিকায় নতুন ক্রেজ হিসেবে যুক্ত হলো ‘মোদি’। ঈদের আগে পশুর হাটে এই বিচিত্র নামের পশুগুলো কেমন দাম পায়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *