নবজাতকদের মৃত্যুর পর কর্মীরা মানসিক চাপে ছিলেন: সাংবাদিকদের ওপর হামলার ব্যাখ্যায় আদ-দ্বীন

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩০ মে) হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ ও ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই ঘটনার পর ব্যাপক গণমাধ্যম কাভারেজের কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সেবাকর্মীরা গত কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনের পর বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী সেখানে প্রবেশের চেষ্টা করেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এ সময় চিকিৎসাধীন রোগীদের স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলতে গেলে সেখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কয়েকজন কর্মী উত্তেজিত আচরণ করে বসেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘটনার সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আদ-দ্বীন হাসপাতাল সব সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছে।

সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কোনো কর্মীর আচরণে গণমাধ্যমকর্মীরা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *