কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে অ্যাডভোকেট আব্দুল মজিদ এই নোটিশ পাঠান।
গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় এক ইফতার মাহফিলে এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ সংক্রান্ত বিষয়ে তাকে ৫০ কোটি টাকারও বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জানিয়ে বলেন, “৫০ কোটি কেন, ১০০ কোটি বা পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়ব না।” তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়।
নোটিশদাতা হৃদয় হাসান জানান, ঘুষদাতা ও গ্রহীতা উভয়েই অপরাধী। এমপি সাহেব ঘুষ নেননি বলে নিজেকে ভালো মানুষ দাবি করলেও অপরাধীদের নাম গোপন রাখা আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয় দেওয়ার শামিল। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে ওই ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার এই বিষয়টিকে ‘ক্রিমিনাল অফেনস’ হিসেবে উল্লেখ করে বলেন, কারা এই টাকার অফার করেছে তাদের নাম প্রকাশ করা উচিত। অন্যদিকে, আমির হামজার শ্যালক আবু বকর সিদ্দীক জানিয়েছেন, এমপি সাহেব বর্তমানে বিশ্রামে আছেন এবং নোটিশ হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।
