বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী বখতিয়ার আব্দুল মুক্তাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বখতিয়ার আব্দুল মুক্তাদির বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির কাছে সুইস পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। যদি এই পণ্যগুলোর দাম আরও প্রতিযোগিতামূলক হয়, তবে বাজারে এর জনপ্রিয়তা আরও বাড়বে। বিশেষ করে ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও শিপবিল্ডিং খাতে সুইস বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে।”
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এলডিসি উত্তরণের প্রক্রিয়া তিন বছরের জন্য পিছিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধে সুইজারল্যান্ডের সমর্থন অত্যন্ত জরুরি। তিনি দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দেন।
সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাণিজ্য ঘাটতি থাকলেও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে সুইজারল্যান্ড যথেষ্ট আগ্রহী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
