শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির গুরুত্ব ফিরিয়ে আনছে সরকার: পার্বত্য মন্ত্রী।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, কৃষকের ভাগ্য উন্নয়ন ও জলাবদ্ধতা দূর করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া খাল খনন কর্মসূচি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। রবিবার (২৬ এপ্রিল) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে একাধিক খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার আওতায় সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এর মধ্যে মানিকছড়ি ছড়া ব্রিজ থেকে বড়গাছড়া নালা, কুতুকছড়ি বাজার থেকে মনতলা এবং বাঘাইছড়ি পর্যন্ত খনন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

দীপংকর তালুকদার আক্ষেপ প্রকাশ করে বলেন, শহীদ জিয়ার পরবর্তী সরকারগুলো এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অবহেলা করায় অনেক খাল ভরাট হয়ে গিয়েছিল। বর্তমান সরকারের এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আখতার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল চৌধুরীসহ এলজিইডি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *