আইভীকে বারবার গ্রেপ্তার কেন অবৈধ নয়? জানতে চাইলেন হাইকোর্ট।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আইভীকে একের পর এক মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইনজীবীরা জানান, মেয়র আইভী ইতোমধ্যেই হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। কিন্তু একের পর এক নতুন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার বা শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি মোট ১২টি মামলার মুখোমুখি হয়েছেন। হাইকোর্টের আজকের এই নির্দেশের ফলে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পথ আপাতত বন্ধ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *