কমান্ডারদের হত্যা করে ইরানকে দমানো যাবে না: সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেমি হত্যাকাণ্ডের পর এক কঠোর বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, কমান্ডারদের হত্যা করে সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা থামানো যাবে না। সোমবার (৬ এপ্রিল) তেহরানে এক বিমান হামলায় খাদেমি নিহত হওয়ার পর এই শোকবার্তা দেন তিনি।

মোজতবা খামেনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, “মাজিদ খাদেমি কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শত্রুপক্ষের সন্ত্রাসবাদ ও অপরাধমূলক কর্মকাণ্ড ইরানের যোদ্ধাদের জিহাদি আদর্শের সংকল্পে কখনোই চিড় ধরাতে পারবে না।” তিনি আরও যোগ করেন, ইরানের সশস্ত্র বাহিনী এতটাই মজবুত যে কোনো হত্যাকাণ্ডই তাদের ফ্রন্টকে দুর্বল করতে পারবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের (অপারেশন এপিক ফিউরি) প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর কিছুদিন পর মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ মাজিদ খাদেমির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, তিনি ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার জন্য সরাসরি দায়ী ছিলেন। একইদিন ইসরায়েলি বিমান বাহিনী কুদস ফোর্সের বিশেষ ইউনিট কমান্ডার আসগর বাগেরিকেও ‘নিশ্চিহ্ন’ করার দাবি করেছে। তবে তেহরান এখনও বাগেরির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *