গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত ৫ দিনের কর্মসূচি:-

১. ৯ থেকে ১৩ এপ্রিল সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ। শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

২. ১১ এপ্রিল সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ।

৩. ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি।

৪. ১৩ এপ্রিল: রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার।

কর্মসূচি ঘোষণা করে মাওলানা মামুনুল হক বলেন, “জনগণ গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে রায় দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি-র সারজিস আলম ও আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, এবং জাগপা-র রাশেদ প্রধানসহ শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সকালে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে নেতারা গণভোটের রায় ও বর্তমান জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *