বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত সংবেদনশীল ‘রেড টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া সম্পূর্ণ তামার তার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রঞ্জন চন্দ্র (২৬) এবং রেজাকুল ইসলাম (৩২)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারের এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর যোগাযোগের মাধ্যমটির তার চুরির ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
মামলাটির ছায়া তদন্তে নামে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ। তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন যে, গত ২২ মে তিনি সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে এই তামার তার চুরি করেছিলেন। পরবর্তীতে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের একটি ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম ওজনের এই তার বিক্রি করে দেন।
রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসি অভিযান চালিয়ে একুশে হল সংলগ্ন ভাঙারির দোকান থেকে ক্রেতা রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে চকবাজারের হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদাম থেকে চুরি যাওয়া সম্পূর্ণ তার উদ্ধার করা হয়।
সিটিটিসি জানিয়েছে, সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
