বলিউড মেগাস্টার সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার ঘটনায় এক নতুন মোড় এসেছে। আলোচিত এই মামলার শুনানিতে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিনেতার ব্যক্তিগত দেহরক্ষী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই হামলাটি কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং সালমান খানকে সরাসরি হত্যা করার উদ্দেশ্যেই চালানো হয়েছিল।
২০২৪ সালের ১৪ এপ্রিল ভোররাতে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে মোটরসাইকেলে করে আসা দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। ওই সময় অভিনেতা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। দীর্ঘ তদন্তে উঠে আসে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও অনমোল বিষ্ণোইয়ের পরিকল্পনায় সালমানের সাথে পুরোনো শত্রুতার জেরে এই হামলা চালানো হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম সাক্ষী হিসেবে আদালতে হাজিরা দেন সালমানের দেহরক্ষী। তিনি বিচারককে জানান, ঘটনার সময় মোটরসাইকেলে আসা হামলাকারীরা ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমি একশ ভাগ নিশ্চিত হয়েছি যে, এই হামলার লক্ষ্য ছিল অভিনেতাকে হত্যা করা।”
দেহরক্ষী আদালতে জানান, হামলার শব্দ শোনার পরপরই নিরাপত্তারক্ষীরা দ্রুত পজিশন নেন এবং পুলিশে খবর দেওয়া হয়। এই মামলায় পুলিশের পক্ষ থেকে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার প্রমাণ আদালতে পেশ করা হয়েছে। দেহরক্ষীর এই সাক্ষ্য মামলার বিচার প্রক্রিয়াকে আরও জোরালো করবে বলে মনে করছেন আইনজীবীরা।
