যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পার্ডি এলাকায় এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পিয়ার্স কাউন্টিতে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও।
পিয়ার্স কাউন্টি শেরিফ অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলাকারী ব্যক্তির বিরুদ্ধে আদালতের জারি করা একটি ‘নো-কনট্যাক্ট অর্ডার’ বা যোগাযোগ নিষিদ্ধের আদেশ ছিল। সেই আদেশ লঙ্ঘন করে ওই ব্যক্তি একটি বাড়ির বাইরে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি আচমকা ছুরি নিয়ে সেখানে উপস্থিত লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারও মৃত্যু হয়।
পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন সন্দেহভাজন হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও প্রাণহানি ঠেকাতে পুলিশ গুলি ছুড়লে হামলাকারী নিহত হন।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হামলাকারীর পরিচয় এবং নিহতদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
