পিরোজপুরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১; ডিবি পুলিশের সফল অভিযান

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডিবি পুলিশের এক সফল অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলীম খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল।

অভিযান চলাকালে উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন একটি রাস্তার সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীম খান দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ডিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটকের পর আলীম খানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্র মজুতের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বসতঘরের শোবার খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, “অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সন্ত্রাস ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *