কানাডায় কপিল শর্মার ক্যাফেতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গুলিবর্ষণ ও প্রাণনাশের হুমকি

জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ওপর আবারও নেমে এসেছে আতঙ্কের কালো মেঘ। কানাডায় কপিলের মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’র ঠিক পাশেই একটি ক্যাফেতে গুলিবর্ষণ করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। একই সঙ্গে কপিল শর্মাকেও সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের ‘চাই সুট্টা বার’ ক্যাফেতে, যা কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’র একদম ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একদল দুর্বৃত্ত ক্যাফেটি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় সারে শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। ওই পোস্টে সরাসরি কপিল শর্মাকে হুমকি দিয়ে বলা হয়েছে, তিনি যদি তাদের নির্দেশ মেনে না চলেন, তবে তাঁর রেস্তোরাঁ ও নিজের পরিণতিও একই রকম হবে।

উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগেও কপিল শর্মার এই ক্যাফেটি বারবার হামলার শিকার হয়েছে। ২০২৫ সালের ১০ জুলাই ক্যাফেটি উদ্বোধনের কয়েকদিনের মাথায় প্রথম হামলা হয়। এরপর একই বছরের ৭ আগস্ট এবং গত চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার ক্যাফেটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলো। বারবার এমন ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত হয়ে পড়েছেন কপিল শর্মা।

বর্তমানে বিষয়টি নিয়ে কানাডার স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে এই হুমকির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কপিলের ভক্তরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *