বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা এখন মালদ্বীপে সপরিবারে সময় কাটাচ্ছেন। গত বছরের জুলাইয়ে জন্ম নেওয়া তাঁদের কন্যাসন্তান সারায়ার সাথে এটিই কিয়ারার প্রথম পূর্ণাঙ্গ পারিবারিক অবকাশ। মালদ্বীপের নীল জলরাশির মাঝে তাঁদের কাটানো সুন্দর সময়গুলোর বিভিন্ন মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ চর্চিত হচ্ছে।
শনিবার (০২ মে) কিয়ারা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, লাইভ কুকিং সেশনের সময় মজার ছলে বিখ্যাত শিশুতোষ গান ‘বেবি শার্ক’ গাইছেন কিয়ারা। আর পাশ থেকে স্ত্রীর এই মিষ্টি মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। এই ছোট্ট ভিডিও ক্লিপটি এখন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
শেয়ার করা ছবিগুলোতে কিয়ারা তাঁর ‘মাদারহুড এরা’ বা মাতৃত্বকালীন সময়ের কিছু চমৎকার নিদর্শন তুলে ধরেছেন। একটি ছবিতে দেখা যায় কিয়ারার পোশাকের পাশে সারায়ার ছোট্ট ছোট্ট পোশাক ঝুলছে। অন্য একটি ছবিতে দেখা যায় টেবিলে কিয়ারার স্টাইলিশ সানগ্লাসের পাশে সারায়ার ছোট্ট মিষ্টি গগলস রাখা। যদিও সিড-কিয়ারা এখনও তাঁদের মেয়ের মুখ প্রকাশ করেননি, তবুও এই ছবিগুলো তাঁদের পরিবারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
কিয়ারা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সূর্যস্নাত দিন, নোনতা চুল, আর আমার জীবনের ভালোবাসার মানুষদের সঙ্গে শান্তিতে ভরা একটি হৃদয়।’

মাতৃত্বকালীন ছুটি শেষে কিয়ারা এখন দক্ষিণী তারকা যশের বিপরীতে তাঁর আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে সিদ্ধার্থ কাজ করছেন তাঁর নতুন ফোক-থ্রিলার ‘ভিভান: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে। কাজের ফাঁকে এই ছোট বিরতি তাঁদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন ভক্তরা।
