১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে দুর্নীতির এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আজ রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিকালে দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে বেনজীর আহমেদ পলাতক থাকায় তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। উল্লেখ্য যে, গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বেনজীর আহমেদের মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। যার মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। তদন্ত শেষে দেখা যায়, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বেনজীর আহমেদ এসব অবৈধ অর্থের উৎস ও মালিকানা গোপন করতে বিভিন্ন ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং অপরাধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *