“আমরা দেখতে চাই না কাঁধে ব্যাগভর্তি বই নিয়ে আমাদের শিশুরা স্কুলে যাচ্ছে। আমরা দেখতে চাই তারা হাসতে হাসতে, খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে”— গতকাল বৃহস্পতিবার মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশব্যাপী ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে একটি ‘বিশ্ব রেকর্ড’ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই বিশাল আয়োজন থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের মেসি কিংবা পেলে। এ সময় শিশুদের পুষ্টিহীনতা দূর করতে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে।’ এছাড়া, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা পাননি, ২ হাজার কোটি টাকার থোক বরাদ্দের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে তাদের অবসর ভাতা চালু করার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি যোগ করেন, যে শিক্ষার্থী যে বিষয়ে ভালো করতে চায়, রাষ্ট্র তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত সবলভাবে দাঁড়িয়ে আছে, ততক্ষণ পর্যন্ত সবল বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। দেশের প্রাথমিক পর্যায় থেকেই ক্রীড়া ও শিক্ষা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে।
