মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে ৯ জন শিশু-কিশোর শিক্ষার্থীকে নতুন সাইকেল উপহার দেওয়া হয়েছে। টানা ৪১ দিন মসজিদে জামাআতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাইকেল ছাড়াও নামাজে নিয়মিত অংশগ্রহণ ও উৎসাহ প্রদর্শনের জন্য আরও ২৯ জন শিশু-কিশোরকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত এসব শিশু-কিশোরের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে। মূলত নতুন প্রজন্মকে নামাজ ও মসজিমুখী করতে এবং তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল।
ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত।
ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারাও এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
