বিএনপি নেতা টুকুকে নিয়ে করা মন্তব্যের জেরে মানহানির মামলা, সিরাজগঞ্জের আদালতে এমপি আমির হামজার আত্মসমর্পণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আত্মসমর্পণ করেছেন৷

আজ রোববার (১৪ জুন) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে সশরীরে উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন৷ বিষয়টি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার৷

আদালতের নথি ও মামলার বিবরণী থেকে জানা যায়— বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে জনসমক্ষে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়৷ মামলা গ্রহণের একই দিনে আদালত বিবাদী আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে গত ২১ এপ্রিল তাঁকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন৷

তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়৷ এরপরও আইনি প্রক্রিয়া এড়াতে তিনি আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার আসামির বিরুদ্ধে জাতীয় পত্রিকায় হুলিয়া বা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন৷

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ও আইনি চাপের মুখে অবশেষ আজ দুপুরে সিরাজগঞ্জের আদালতে এসে আত্মসমর্পণ করলেন এই বিতর্কিত সংসদ সদস্য৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতে তাঁর জামিন শুনানির প্রক্রিয়া চলছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *