মেহেন্দিগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে ১৫ শিক্ষার্থী অসুস্থ; ৫ জন হাসপাতালে ভর্তি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ক্লাস চলাকালীন বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ভবনের ওপর তীব্র শব্দে বজ্রপাত হলে আতঙ্কিত হয়ে অষ্টম, সপ্তম ও নবম শ্রেণির সাতজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থ শিক্ষার্থীরা হলো— ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া, মীম আক্তার, জান্নাত, আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের দ্রুত উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন বাড়ি ফিরলেও পাঁচজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

একই সময়ে উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে সেখানে আরও আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। তবে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ বোধ করলে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক মো. নিজামুল হক।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানান, বজ্রপাতের সরাসরি আঘাতে নয়, বরং বিকট শব্দের আতঙ্ক থেকেই শিক্ষার্থীরা জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *