আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, “সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নামলেই কার কত সক্ষমতা রয়েছে তা প্রমাণ হবে।”

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে—এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।” তিনি দাবি করেন, সেদিন দেশের সর্বস্তরের জনগণ, আন্দোলনের শহীদ পরিবার, আহত ব্যক্তিবর্গ এবং ছাত্র-জনতা একযোগে ঢাকার রাজপথে অবস্থান নেবে এবং ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ করবে না।

রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুনর্বাসনের গুঞ্জন ও নানা উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, যারা এ ধরনের পরিকল্পনার পেছনে কাজ করছেন, তারা যেন রাজপথে এসে পরীক্ষা দেন।

আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *