২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ের পর প্রায় দুই বছরের দীর্ঘ ব্যবধানে প্রথমবারের মতো কোনো প্রকাশ্য আনুষ্ঠানিক কর্মসূচিতে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তাঁর সাথে প্যানেলিস্ট হিসেবে যুক্ত হবেন তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) এই বিশেষ ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে। নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানটি ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ ত্যাগ করার পর দীর্ঘ সময় জনসমক্ষে বক্তব্য না দেওয়া শেখ হাসিনা এই অনুষ্ঠান থেকে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা এবং স্বদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানের প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এতে ভার্চুয়ালি অংশ নেবেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী।
এছাড়া প্যানেলে আরও উপস্থিত থাকবেন সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার। পুরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়াইল আওয়াদ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা, যার মাধ্যমে অবসান ঘটে তাঁর টানা প্রায় ১৬ বছরের শাসনের। এরপর থেকে গণমাধ্যম ও সর্বসাধারণের উপস্থিতি এড়িয়ে চললেও এই ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে তিনি পুনরায় আন্তর্জাতিক বার্তা পাঠাতে যাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
