মধ্যপ্রাচ্যের কৌশলগত ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি থেকে সমুদ্রে পেতে রাখা মাইন নিষ্ক্রিয় করার পর নৌপথটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন মার্কিন নৌবাহিনীর হাতে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে খোলা ও চলাচলের উপযোগী। এই মুহূর্তে পুরো হরমুজ প্রণালির একক নিয়ন্ত্রণ মার্কিন নৌবাহিনীর হাতে রয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, উক্ত নৌপথে এখনো মাঝে মাঝে গোপনে মাইন পেতে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে মার্কিন বিশেষ বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে সেগুলো শনাক্ত করে দ্রুত সরিয়ে ফেলছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তেল ও গ্যাস পরিবহন পথগুলোর একটি। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বা পথ অবরোধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়।

এর আগে একই দিনে ট্রাম্প আরও জানান যে, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো ভবিষ্যৎ আলোচনায় তিনি ক্ষতিপূরণের ইস্যুটি তুলে ধরবেন। সম্প্রতি চলমান সংকটে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিল তেহরান। এর জবাবে ট্রাম্প পাল্টা ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেন, বিশেষ করে ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের পরিবারগুলোর জন্য।

অন্যদিকে, ইরান শুরু থেকেই দাবি জানিয়ে আসছে যে, হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক করার আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের ওপর আরোপিত সব কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উভয় দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে কৌশলগত জলসীমাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *