জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘আমৃত্যু কারাদণ্ড’ বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক শুনানির এই দিন ধার্য করেছিলেন। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
গত বছরের ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই দণ্ড বৃদ্ধির আবেদন দাখিল করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দিলেও, রাষ্ট্রপক্ষ সেই অভিযোগে সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ৮টি সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপন করেছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এক রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গণহত্যার একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় আদালত তাকে ৫ বছরের লঘুদণ্ড দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাঁদের অনুপস্থিতিতেই (ইন অ্যাবসেন্টেশিয়া) ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছিল।
আজকের শুনানিতে আপিল বিভাগ কী নির্দেশনা দেন, সেদিকেই এখন সবার নজর।
