মেহেরপুরে অনলাইন জুয়ার ‘মাস্টারমাইন্ড’ মুকুল গ্রেপ্তার: সাইবার সুরক্ষা আইনের প্রথম মামলার আসামি

মেহেরপুর জেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো সিন্ডিকেটের অন্যতম হোতা মুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুকুল ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি মেহেরপুর জেলায় নবপ্রণীত ‘সাইবার সুরক্ষা আইন ২০২৫’-এর আওতায় দায়ের হওয়া প্রথম মামলার অন্যতম প্রধান আসামি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর ও আশপাশের জেলাগুলোতে অনলাইন জুয়া ছড়িয়ে দেওয়ার পেছনে মুকুল ইসলামের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর শুরুর দিকে যে কয়েকজন এজেন্ট হিসেবে যুক্ত হন, মুকুল তাদের একজন। শুরুতে নুরুল মাস্টার ও জামান মাস্টারের অর্থায়নে তিনি ও ওয়াসিম হালদার এই অবৈধ ব্যবসা পরিচালনা করতেন। পরবর্তীতে নিজেই জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং বিভিন্ন ব্যক্তিকে এজেন্ট করে দেওয়ার নামে প্রতারণা শুরু করেন।

২০২৫ সালের ৩ নভেম্বর অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের বিরুদ্ধে মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার নথিতে বলা হয়েছে:

চক্রটি আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশি-বিদেশি অর্থপাচার করত।

বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।

ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত তারা।

মুকুলসহ এই মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, অনলাইন ক্যাসিনো ও জুয়াড়িদের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, “চিহ্নিত অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *