সরকারি অফিসে কড়া শৃঙ্খলা: দেরিতে আসা এখন শাস্তিযোগ্য অপরাধ

সরকারি দপ্তরে দাপ্তরিক শৃঙ্খলা ফেরাতে এবং প্রশাসনিক গতিশীলতা আনতে কঠোর অবস্থান নিয়েছে আইন ও বিচার বিভাগ। এখন থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ করা কিংবা দেরিতে উপস্থিত হওয়াকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এই আদেশে সব কর্মকর্তা-কর্মচারীকে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আদেশে যা বলা হয়েছে:
আদেশে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ উল্লেখ করে তিনটি বিষয়কে শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে:
১. বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি।
২. বিনা অনুমতিতে অফিস ত্যাগ।
৩. বিলম্বে অফিসে উপস্থিতি।

প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে:

  • সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।
  • নির্ধারিত সময়ের আগে (রমজানে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা) কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।
  • জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হলে নিজ অনুবিভাগ প্রধানের (যুগ্মসচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। এছাড়া দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্ট্রার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান করে তবেই বের হওয়া যাবে।

আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *